
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হেলমেট বিহীন ৫ জন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় হেলমেট ব্যবহার না করায় ৫টি মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, হেলমেট ব্যবহার শুধু আইন মানার বিষয় নয়, এটি চালকের জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। এ সময় উপস্থিত চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে।