👁 298 Views

উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “আমাদের গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

“প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।”

রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে রোববার(২৩ আগস্ট) কারিগরি শিক্ষা নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদের যদি আমরা দক্ষ করে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ জন্য কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।

“এ লক্ষ্যে আমরা দেশে আরো ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে যাচ্ছি। এছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আলাদা একটা প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান তরিকুল ইসলাম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *