
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এই আত্মবিশ্বাস প্রকাশ করেন। ভোটকেন্দ্রে যাওয়ার আগে তিনি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সল আমীন বলেন, “আমি তিনবার বললাম, শতভাগ। আমরা নিরঙ্কুশ জয় লাভ করব, ইনশা আল্লাহ।” ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তাৎক্ষণিক মন্তব্য না করলেও তিনি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচন নিয়ে তাঁর কোনো শঙ্কা নেই বলে জানান।
আসনের ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে তিনি বলেন, প্রশাসন এ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে তাঁর মতে, এলাকার সব ভোটারই শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। আবহাওয়া কিছুটা খারাপ ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভোটারদের ব্যাপক উপস্থিতির বিষয়ে তিনি আশাবাদী।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে বিজিবির ২১ প্লাটুন সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্যের পাশাপাশি বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ৪ জন বিদেশিসহ মোট ১৭৭ জন দেশি-বিদেশি পর্যবেক্ষক নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।