👁 454 Views

দেশীয় জ্বালানি আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মন্ত্রী

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৭ বছর দেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, যারা দেশের নিজস্ব জ্বালানি সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকার দেশীয় সম্পদ কাজে লাগিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, এটি জনগণের সরকার। দেশের জনগণের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করব?

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও সম্মতি নিয়েই সরকার কাজ করছে। তিনি বলেন, আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে সন্তুষ্ট করে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ আহরণ করতে পারি।

এ সময় তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কয়লা, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া পাথরখনির উৎপাদন কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় খনির উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং এ জেড এম রেজওয়ানুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম, উৎপাদন পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *