
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। একটি বড় ও একটি ছোট গরু নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে সবুজ মিয়া বাধা দিলে দুর্বৃত্তদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।
এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে পারেন, এই আশঙ্কায় দুর্বৃত্তরা গরু দুটি বাড়ির বাইরে অপেক্ষমাণ একটি পিকআপে তুলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সবুজ মিয়াকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত সবুজ মিয়া ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। ভোররাতে বাড়িতে ঢুকে গরু চুরি এবং বাধা দিতে গিয়ে একজনের আহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”