👁 412 Views

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতের সময়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাক্ষাতে দেশকে দুর্নীতি মুক্ত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা বলেছেন।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, সুশাসন এবং দুর্নীতিবিরোধী বিষয়ে আমরা সরকারকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হওয়া জরুরি–এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।

তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বজুড়ে এই বার্তা দিতে চায় যে তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এবং অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে টিআইবি। আন্তর্জাতিক এই সম্মেলন বাংলাদেশে করার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন হয়। চলতি বছর সম্মেলন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ—মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া এই আয়োজন করেছে। আমরা মনে করি, ২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ আয়োজনের চেষ্টা করবে।

 

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের বিষয়টিও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *