
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সরকারি সফর চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্রসচিব জানান, সফরের অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে মূল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তাঁর এই বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ুর প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস বা কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা একেবারেই নগণ্য হলেও, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। উন্নত দেশগুলো এর আগে বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই এবারের সম্মেলনে উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং জলবায়ু তহবিলে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে জোরালো দাবি জানাবে বাংলাদেশ। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা যে বিশেষ ঝুঁকির মুখে পড়ছেন, সে বিষয়টিও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে।
এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের একটি অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ থাকছে। সম্মেলনের ‘গ্রিন জোনে’ বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জুট প্যাভিলিয়ন’ স্থাপন করা হবে। সেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি বহুমুখী ও পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার বাড়াতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণারও উদ্যোগ নেওয়া হয়েছে।
জলবায়ু সম্মেলনের পাশাপাশি এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে।
এ ছাড়া স্বাগতিক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তুরস্কের সঙ্গে সামরিক, অর্থনৈতিক ও এভিয়েশন খাতে সহযোগিতার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্রসচিব জানান, এটি সরাসরি কোনো দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর নয়, বরং বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে একটি সৌজন্য সাক্ষাৎ। তাই সেখানে সাধারণ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সুনির্দিষ্ট বিনিয়োগ বা চুক্তির বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে, আন্তর্জাতিক এই জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের জোরালো ও কার্যকর অংশগ্রহণ দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থকে আরও সুদৃঢ় করবে।