মানুষের চেয়েও দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নেয় কাক

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : বুদ্ধিমত্তার দিক থেকে কাকের সক্ষমতা নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা। এক গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু কাজে মানুষ ও বানরের চেয়েও দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে পাখিটি। মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে দৃশ্যগত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম কাক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির ইউনিভার্সিটি অব টিউবিনজেনের গবেষকেরা কাকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করতে এ পরীক্ষা চালান। গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ।

পরীক্ষায় কাকের সামনে টাচস্ক্রিনে চলমান কিছু বিন্দু দেখানো হয়। বিন্দুগুলো ডান দিকে যাচ্ছে, নাকি বাম দিকে- তা শনাক্ত করতে বলা হয় পাখিগুলোকে। উত্তরের জন্য স্ক্রিনের সংশ্লিষ্ট পাশে ঠোকর দিতে হতো তাদের।

গবেষকরা দেখতে পান, বিন্দুগুলোর চলার দিক স্পষ্ট না হলেও কাক অনেক ক্ষেত্রে সঠিক উত্তর দিতে পেরেছে। মাত্র ২৩৫ মিলিসেকেন্ডে সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষমতা চোখের পলক ফেলার সময়ের চেয়েও কম।

গবেষকদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মানুষের মস্তিষ্কের গঠন থেকে কাকের মস্তিষ্ক বেশ আলাদা হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উভয়ের মস্তিষ্কে কিছুটা একই ধরনের প্রক্রিয়া কাজ করতে পারে। তবে কাকের এই সক্ষমতার পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়া কাজ করে, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।

এর আগে ২০২৪ সালের মে মাসে একই বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষণায় দেখা যায়, কাক এক থেকে চার পর্যন্ত গুনতে পারে। এমনকি পর্দায় দেখানো সংখ্যার সঙ্গে মিল রেখে নির্দিষ্টসংখ্যক ডাকও দিতে পারে পাখিটি।

নতুন গবেষণাটি কাকের বুদ্ধিমত্তা ও দ্রুত তথ্য বিশ্লেষণের ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে।

সূত্র: ডনিয়া নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *