👁 497 Views

২০২৭ বিশ্বকাপ খেলতে পারেন সাকিব: আশরাফুল

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এক ফরম্যাটে মনোযোগ দিলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে অনায়াসে সেবা দিতে পারবেন। তার ভাষায়, ৩৭-৩৮ বছর বয়সেও সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই বড় সুবিধা পাওয়া যাবে।

দলের বর্তমান অবস্থা নিয়ে আশরাফুল বলেন, টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে। তবে ওয়ানডেতে নিয়মিত ম্যাচ না থাকায় একটি শূন্যতা তৈরি হয়েছে। তিনি মনে করেন, যারা দলে আছেন তারা যদি বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) গুরুত্ব দিয়ে খেলেন, তাহলে এই ঘাটতি পূরণ সম্ভব। তবে সে জন্য দরকার ম্যাচ জেতানো পারফরম্যান্স। বিসিএল শেষে কোন জায়গায় বেশি প্রয়োজন, তা স্পষ্ট বোঝা যাবে বলেও জানান তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ের সমীকরণ গুরুত্বপূর্ণ এ কথাও মনে করিয়ে দেন আশরাফুল। তার মতে, বাংলাদেশের দুই ফরম্যাটে ভালো ধারাবাহিকতা থাকলেও ওয়ানডেতে প্রায় দেড় বছর ধরে দল পিছিয়ে আছে। অথচ একসময় এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট। মিডল অর্ডারে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাকিবের মতো অভিজ্ঞদের বিদায়ের পর যারা সুযোগ পাচ্ছেন তারা ব্যক্তিগতভাবে পারফর্ম করলেও দলগত ফল আসছে না বলে মন্তব্য করেন তিনি।

সাবেক এই তারকা ক্রিকেটারের ভাষ্য, ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। তাই প্রতিটি সিরিজ ও প্রতিটি ম্যাচ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে সেই লক্ষ্য অর্জন করা যায়, তা নিয়েই দলের ভেতরে ভাবনা চলছে বলেও জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *