👁 305 Views

ঈদের আগে বিআইডব্লিউটিসির হাতে নতুন দুটি জাহাজ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: যাত্রী পরিবহনের জন্য দুটি নতুন জাহাজ পেল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ‘এমভি সুগন্ধা’ ও ‘এমভি রূপসা’ নামে নৌযান দুটি বানিয়েছে জাহাজ নির্মাণকারী দেশীয় কোম্পানি ‘নিউ ওয়েস্টার্ন মেরিন শিপবির্ল্ডাস লিমিটেড’।

৬৭ কোটি ৭৫ লাখ টাকায় বানানো জাহাজ দুটি রোববার বিআইডব্লিউটিসির কাছে স্থানান্তর করা হয়।

সোমবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাহাজ দুটি বাংলাদেশের ‘সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ’। প্রতিটি জাহাজ ৭৬৪ জন যাত্রী এবং ৪৪ জন ক্রু পরিবহনে সক্ষম।

প্রতিটি জাহাজে চারটি ভিআইপি কেবিন, ২৭টি প্রথম সারির কেবিন ও ১৫টি দ্বিতীয় সারির কেবিন রয়েছে।

এছাড়া ৯০ জন যাত্রীর জন্য দ্বিতীয় শ্রেণির চেয়ার সুবিধা এবং ৫৮২ যাত্রীর জন্য সাধারণ ডেক সুবিধা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জাহাজ দুটি সর্বোচ্চ ১২ নটিক্যাল মাইল গতিতে ঢাকা-খুলনা-বরিশাল নৌপথে চলাচল করার কথা।

জাহাজ দুটি ঈদুল ফিতরের ছুটিতে যাত্রী পরিবহনে সহায়তা করবে বলে নিউ ওয়েস্টার্ন মেরিন শিপবির্ল্ডাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *