👁 390 Views

হাকিমপুরে সবজি সহ নিত্যপন্যের দাম বেড়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
টানা বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে পানি জমে কাঁচাবাজারের সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে হাকিমপুরের বিভিন্ন বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শশাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ডিম ও মুরগির দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পেঁয়াজের দামে সামান্য স্বস্তি মিলেছে।
ভারত সীমান্ত ঘেষা বাংলাহিলি খাসমহল হাট ও বাজার, বোয়লদাড় বাজার ও ডাঙ্গাপাড়া রেলবাজার সহ এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেশির ভাগ সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে।এ ছাড়া ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ সংকট আরও বেড়েছে। যদিও ভোক্তাদের অভিযোগ, প্রকৃত সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ীও পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নিচ্ছেন।বর্তমানে হাকিমপুর উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। করলার দাম ১১০ থেকে ১২০ টাকা, পটল ২৫থেকে ৩০ টাকা ঢ্যাঁড়শ ৩০থেকে ৪০ টাকা, ঝিঙা ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা এবং শশা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।লাউ, যা এক সপ্তাহ আগেও ৩০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন বিক্রি হচ্ছে ৪৫থেকে ৫০ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হলেও বর্তমানে তা ১৩০ থেকে ১৪০ টাকায় পৌঁছেছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।হিলি বাজারের সবজি বিক্রেতা বিপ্লব জানান, টানা বৃষ্টির কারণে মোকামে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ক্ষেতের ক্ষয়ক্ষতির প্রভাবও বাজারে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দাম ধীরে ধীরে কমতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।ক্রেতাদের অনেকেই বলছেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য দৈনন্দিন বাজার করা আরও কঠিন হয়ে উঠেছে।সবজির পাশাপাশি দেশি রসুনের দামও কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা,আদা ১৩০থেকে ১৪০ টাকা, শুকনা মরিচ ৩০০থেকে ৩৮০ টাকায় তবে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়ে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ১৫ টাকা । পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০টাকায়।প্রোটিনের অন্যতম সাশ্রয়ী উৎস ব্রয়লার মুরগির দামও কেজিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়। সোনালি মুরগির দাম রয়েছে ২৭০ থেকে ২৮০ টাকার মধ্যে। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে খামার থেকে সরবরাহ কমে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি হয়েছে।অন্যদিকে ডিমের বাজারে ও নেই স্বস্তি । ফার্মের বাদামি ডিমের প্রতি পাতার(৩০টি) দাম ২০ টাকা বেড়ে বর্তমানে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *