👁 279 Views

ধর্ষণ মামলায় হাকিমপুর প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শফিউল ইসলামকে (৩৯) ধর্ষণ, পর্নোগ্রাফি এবং হত্যার হুমকিসহ গুমের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড হওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাতে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন উপজেলার এক নারী।

মামলায় তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কর্মকর্তা তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে হত্যার পর লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ধর্ষণ ও পর্নোগ্রাফি, হত্যার পর গুম সংক্রান্ত অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতে হাজির করা হবে।

ভুক্তভোগী নারী নিজেই বাদি হযে মামলা দাযের করেন।

অভিযুক্ত ডা. শফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং বর্তমানে হাকিমপুরে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম জানান, গ্রেপ্তারের বিষয়টি তিনি এখনও আনুষ্ঠানিকভাবে জানেন না। তবে তথ্য সংগ্রহ করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ জার্নাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *