👁 597 Views

নিজেদের জ্বালানি থাকতে আমদানি কেন?

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : বিএনপি জনগণের সরকার। বিদেশি নয়, জনগণের সম্পদই ব্যবহার করতে হবে দেশের উন্নয়নে। এ মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তার মতে, দীর্ঘ ১৭ বছর ‘ফ্যাসিস্ট সরকার এদেশ শাসন করেছে, তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল।’

‘আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে, সেই সম্পদ আহরণ করতে চাই। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব’- প্রশ্ন তুললেন জ্বালানিমন্ত্রী টুকু।

সরকারের পরিকল্পনা তুলে ধরে বললেন, ‘সেজন্য আমরা বসেছিলাম, কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্রিত করে আমরা দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি।’

কয়লা খনি পরিদর্শনে তার সঙ্গে ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের এমপি এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

মতবিনিময় শেষে আশপাশের গ্রাম থেকে আসা মানুষের সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। খনির কারণে ক্ষতিগ্রস্তদের দুই দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে বড়পুকুরিয়া কয়লা খনির এমডিকে নির্দেশও দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *