একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, পূর্বের মতো সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। এ ধাপের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি; যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি এবং যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি তারা দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *