
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে নিবন্ধন ছাড়া পরিচালিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, গণমাধ্যমের নীতিমালা তৈরিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। সরকারের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে নীতিমালা চূড়ান্ত করা হবে। এটি কার্যকর হতে খুব বেশি সময় লাগবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিষয়ে উপদেষ্টা বলেন, শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন অঞ্চলে অনেক অনিবন্ধিত পোর্টাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না, আমরা এইটুকু নিশ্চিত করছি, ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকবো, ঢুকছি।’
এদিকে নিবন্ধনের জন্য আবেদন করেও পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই শেষ না হওয়ায় যেসব পোর্টালের নিবন্ধন আটকে আছে, তাদের বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি।
উপদেষ্টা বলেন, যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে। তবে যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের যোগ্য, তারা খুব শিগগিরই নিবন্ধন পাবে বলে আশা করা হচ্ছে।