শেরপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে একজন আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
এ সময় মানব পাচারের অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার সঙ্গে মানব পাচার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগে মো. স্বপন ও মো. সুমন নামে আরও দুই ব্যক্তির তথ্য পাওয়া যায়। স্বপন শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও এবং সুমন বৈষ্ঠমপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনার অধিকতর তদন্ত এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *