👁 318 Views

আমরা কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থমন্ত্রী

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আজকে সবে মাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি তারপর কথা বলব।

রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবে মাত্র এখানে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি তারপর কথা বলব। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।

সাংবাদিকদের উদ্দেশে আমির খসরু বলেন,অন-টাইম আপনারা সবকিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, সেটা আপনারা সবাই জানেন।

এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে এলে তিনি কর্মকর্তাদের পেশাদারত্বের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়, এখন কাজে মনোযোগী হতে হবে।

মন্ত্রীর প্রথম কর্মদিবসে এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *