👁 418 Views

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : তাকে ঘিরেই দলের মাঝমাঠ সাজানোর পরিকল্পনা ছিল কোচের। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ঠিক আগে ইনজুরিরে পড়ে সেই পরিকল্পনা ভেস্তে দিলেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার রাইলি ম্যাকগ্রি। হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই অজি তারকা ফুটবলার।

গত সপ্তাহের শেষভাগে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল মিডলসব্রোর হয়ে খেলার সময় চোট পান ২৭ বছর বয়সী ম্যাকগ্রি। তখনই ধারণা করা যাচ্ছিল, বড় আঘাত পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে ম্যাকগ্রির। আর এতেই বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।

এখন পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাকগ্রি। গত বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। কাতার বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে অ্যাসিস্ট করেছিলেন এই মিডফিল্ডার।

বিশ্বকাপের জন্য এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি অস্ট্রেলিয়া কোচ টনি পোপোভিচ। এখন ম্যাকগ্রিকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচকে।

আগামী ১৩ জুন তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী শনিবার মেক্সিকো এবং ৬ জুন সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *