কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : শুরুতে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১ মিনিট ১১ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন আইরিন রিয়া। প্রথম কোয়ার্টারে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে কাজাখস্তান। ২১তম মিনিটে গোল করে সমতা ফেরান লোবানোভা ভিক্টোরিয়া। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে কাজাখস্তানকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৩২তম মিনিটে দ্বিতীয় গোলের পর ৩৫তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লোবানোভা।

এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৪০তম মিনিটে গোল করে ব্যবধান কমান কনা আক্তার। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই অর্পিতা পাল গোল করে বাংলাদেশকে ৩-৩ সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের অভিষেক হয়েছে এবারই। প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০, দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ এবং তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে বাংলাদেশের পরবর্তী ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে। ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *