বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর আট মাসের বেশি সময় ধরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। দীর্ঘ বিরতির পর সম্প্রতি বাহরাইনে হামলা জোরদার করেছে দেশটি। তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালাল তারা। আজ রোববার ভোরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী মানামা। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

মানামায় রোববার ভোর চারটার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে আবারও বিস্ফোরণের শব্দ পান বাসিন্দারা। এ সময় সতর্কসংকেত বাজতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সতর্কবার্তা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ে যেতে বলা হয়েছে। গত সেপ্টেম্বরের পর এই প্রথম এমন সতর্কবার্তা দেওয়া হলো।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে তারা। দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয় বলে দাবি করেছে তারা।

তবে বাহরাইনের সামরিক বাহিনী বলেছে, হামলাকারী ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানি ড্রোনগুলো ভূপাতিত করেছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্র হিসেবে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না তারা। এসব হামলার জন্য ইরানকে পুরোপুরি দায়ী করেছে দেশটি।

বাহরাইনের বাসিন্দা ৬৫ বছর বয়সী হায়াত ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি ঠিক এটাই চাইছিলাম না, আবার এমন কিছু ঘটুক। ইরানের হামলা আবার শুরু হওয়ায় সেই উদ্বেগ ও অনিশ্চয়তা ফিরে এসেছে।’

গত শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোতে সেটিই ছিল প্রথম হামলা। এ হামলায় দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাহরাইনে হামলার নিন্দা জানিয়েছে আরব লিগ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধী তারা। উত্তেজনা কমিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

হরমুজ প্রণালির কাছে একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও। সংস্থাটি বলেছে, জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে, তা এখনো জানা যায়নি।

সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *