
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ও উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন। তিনি বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া সার ব্যবস্থাপনা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন বিষয়েও কৃষকদের সচেতন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, কৃষি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের বাস্তব ধারণা দিতে অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্টল নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।