👁 102 Views

অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন লিটন, হৃদয় ও মোসাদ্দেক। এই তিন ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭৪ রানে থেমেছে বাংলাদেশ।

রোববার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় ৬১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টাইগার সামনে সুযোগ অজিদের হোয়াইটওয়াশ করার। হোয়াইটওয়াশ এড়াতে ২৭৫ রান করতে হবে অস্ট্রেলিয়াকে।

সৌম্য সরকার ২, তানজিদ হাসান তামিম ১৯ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে সাজঘরে ফিরে যান। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে অপরাজিত ৯২ রানের জুটি গড়েন লিটন। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময় বাড়তে ব্যাটের গতি বাড়িয়েছেন তিনি। তাওহীদ হৃদয়ও যোগ্য সঙ্গ দিয়েছেন, বাজে বল পেলেই বাউন্ডারি হাঁকিয়েছেন। কিন্তু দারুণ জুটির মধ্যেই আচমকা পায়ের পেশিতে টান পড়ায় ব্যক্তিগত ৪৮ রানেই মাঠ ছাড়েন লিটন।

লিটন মাঠ ছাড়ায় ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ম্যাচের তারকাকে নিয়ে ৮৩ বলে ৯৩ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয়। এর মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ১৩তম ফিফটি পেয়েছেন হৃদয়। কিন্তু শেষদিকে রানের গতি বাড়াতে বড় শট খেলতে গিয়ে ৮৩ রানে বিদায় নেন এই ব্যাটার।

হৃদয়কে সঙ্গ দেওয়া মোসাদ্দেক শুরুতেই ছিলেন আগ্রাসী। মাত্র ৪৩ বলে ফিফটি হাঁকান তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার পঞ্চম ও চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *