
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : বছর দুয়েক আগে মুক্তি পাওয়া ওয়েব নাটক ‘ভ্যানিশিং ম্যান’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত হয়েছে এর সিক্যুয়েল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’। আগের মতোই নতুন কিস্তিটিও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
প্রকাশের পর থেকেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত এটি প্রায় ৬০ লাখ বার দেখা হয়েছে। পাশাপাশি মন্তব্যের ঘরে জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি প্রতিক্রিয়া, যেখানে অধিকাংশ দর্শক নাটকটির গল্প, নির্মাণ ও অভিনয়ের প্রশংসা করেছেন।
তবে পুরো নাটকে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করা নবাগত অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। তার প্রাণবন্ত অভিনয়, স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, মিষ্টি হাসি ও পর্দা উপস্থিতি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। ফলে প্রথম কাজেই তিনি দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ইউটিউবে মন্তব্যের ঘরে দেখা গেছে ইতিবাচক প্রশংসা। কেউ কেউ লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে। একদম ন্যাচারাল, নো ওভার এক্টিং। আরো নাটকে দেখতে চাই’। আরেকজন লিখেন, ‘মেয়েটাকে দারুণ মানিয়েছে। পরিমিত অভিনয়।’
কাজটি নিয়ে দর্শকের সাড়া প্রসঙ্গে জারবীনি বলেন, ‘নাটকটি রিলিজের পর থেকে এখনো পর্যন্ত দর্শকদের কাছ থেকে এত বেশি সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। সত্যি বলতে এই অভিজ্ঞতা আমার জন্য একদমই নতুন। ফেসবুকের বিভিন্ন পোস্ট এবং তাদের মন্তব্য দেখে আমি আপ্লুত। সবাই এত প্রশংসা করছেন আমি নিজেই খুব লজ্জা পাচ্ছি। বিষয়টি অনেক উপভোগ করছি।’
যদিও অভিনয়ে জারবীনি একেবারে নতুন নন। স্বপ্ন ছিল পাইলট হওয়ার, সেজন্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনাও শেষ করেছেন। এরমধ্যেই এলেন অভিনয়ে।
এর আগে নাজমুল হুদা ঈমনের পরিচালনায় ‘কুড বি আস!’, ‘কুলেজ’-এ অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হয় জারবীনির। যদিও আগের কিস্তিতে তিনি অভিনয় করেছিলেন এবং তাতে পলাশের বিপরীতে দেখা গিয়েছিল সাফা কবিরকে।
নবাগতা এই অভিনেত্রী বলেন, ‘‘যেহেতু ‘ভ্যানিশিং ম্যান’-এ আমি ছিলাম সেহেতু জানতাম যে এটার সিক্যুয়ালেও থাকব। কিন্তু আমি যে প্রটাগনিস্ট হিসেবে সুযোগ পাব এতে, এটা ভাবিনি। ভেবেছিলাম সাফা কবির আপুই থাকবেন। কিন্তু শুটিং শুরুর এক সপ্তাহ আগে জানতে পারি যে, এখানে একমাত্র মেয়ে চরিত্রে আমিই আছি। উচ্ছ্বসিত ছিলাম একইসঙ্গে নার্ভাসও। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করার। দর্শক যখন কাজটি পছন্দ করতে শুরু করল তখন ভালো লাগাটা বেড়ে গেল।’’
এদিকে নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, ‘‘ভ্যানিশিং ম্যান’ নাটকটি যে পরিমাণ ইতিবাচক সাড়া পেয়েছি সিক্যুয়ালটিতে তা তার চেয়েও অনেক বেশি। সবাই অনেক প্রশংসা করছেন, দর্শকরা উপভোগ করছেন কাজটি। পলাশের সঙ্গে জারবীনির জুটিটা দর্শক আরও বেশি পছন্দ করেছেন। নতুন হিসেবে সে অনেক ভালো পারফর্ম করেছে। যা দর্শকরাই বলছেন।’’
‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’-এ জিয়াউল হক পলাশ, জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম প্রমুখ।