👁 376 Views

বিরতি শেষে ক্যামেরায় ফিরছেন বুবলী

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে। এমনকি ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও সেসব ছবির প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী।

তবে এবার বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন তিনি।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ।

বিষয়টি নিশ্চিত করে জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আমাদের কথা দিয়েছেন।’

‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়।

চরিত্রের প্রয়োজনে সিনেমাটির দুই অভিনয়শিল্পীকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জানান, আপাতত সন্তান এবং নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বুবলী। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন, তাই আমরা অন্য অংশগুলোর শুটিং শুরু করছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *