
বিশেষ প্রতিনিধি, পার্বতীপুর:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল, ২৫ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বতীপুর প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন। সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৮ জন প্রার্থী। ক্লাবের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। পদভিত্তিক প্রার্থী সংখ্যা: সভাপতি – ৩ জন, সহ-সভাপতি – ২ জন, সাধারণ সম্পাদক – ৩ জন, যুগ্ম সম্পাদক – ২ জন, কোষাধ্যক্ষ – ৩ জন, দপ্তর সম্পাদক – ৩ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – ১ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে), কার্যনির্বাহী সদস্য (৪টি পদ) – ১০ জন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা। প্রার্থীদের ব্যস্ত পদচারণায় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি বিরাজ করছে প্রত্যাশা—গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্বের হাতে অর্পিত হবে পার্বতীপুর প্রেসক্লাবের আগামী দিনের দায়িত্ব।