👁 471 Views

পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরে পার্বতীপুরে করতোয়া কুরিয়া সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৩৫ কার্টুনে বিভিন্ন কোম্পানির ১৫ হাজার ৫৭৬ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে দিনাজপুর ডিবি পুলিশ। এ ঘটনায় অবৈধ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ এবং পরিবহনের অভিযোগে কুরিয়ার সার্ভিসটির শাখার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় রবিবার রাতে ডিবি বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। ধৃতরা হলেন, করতোয়া কুরিয়া সার্ভিসের পার্বতীপুর শাখার লাভলু হোসেন মানিক (৪০), ওমর ফারুক সরকার (৪৩) ও হাসান আলী (৫৮)।
পার্বতীপুর মডেল থানার তদন্ত (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের রহমতনগর মহল্লায় করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসের গোডাউনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোডাউন তল্লাশি করে ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
এব্যাপারে আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর ডিবি অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর (পিপিএম) বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা-৪/৫ আসামীদের পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থানে অনুমোদন বিহীন এবং সরকারি বৈধ লাইসেন্স ছাড়াই যৌন উত্তেজক সিরাপ বেশি লাভের আশায় বিক্রি করে আসছে। অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুতের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *