👁 183 Views

শ্রীমঙ্গলে ট্রাক চাপায় একজন নিহত, ঘাতক ট্রাক জব্দ,  চালক ও হেলপার আটক

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামের এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক জব্দ এবং চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়া (৩০)-কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের সুরমাভ্যালী এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটো চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে জখম হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত মান্নানকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

এ ঘটনায় সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ড্রাম ট্রাক জব্দসহ চালক জোনায়েদ ও হেলপার রানা মিয়াকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *