
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে একটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ফোনটি অপ্রতিমের সঙ্গে ছিল।
শনিবার রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া এ তথ্য জানান। তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন শনিবার দুপুরের দিকে সানন্দা এলাকার একটি পাহাড়ি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর অপর দুজনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপ্রতিমের সঙ্গে এক যুবককে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে তুহিন হিসেবে শনাক্ত করা হয়।
অপ্রতিমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয়েছিল সে। এরপর আর বাড়িতে ফেরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের ভাষ্য, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেয়েছিল অপ্রতিম। পরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আইফোন নিয়ে বাইরে যাওয়ার কথা বলে সে। এরপর আর তার সঙ্গে পরিবারের যোগাযোগ হয়নি।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তাঁদের বাড়ি কোটবাড়ী-গন্ধমতী এলাকায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রক্টরিয়াল বডির সদস্য মাহমুদুল হাসান রাহাত বলেন, শুক্রবার রাতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। একটি ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে সানন্দা পাহাড়ের দিকে যেতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে শনাক্ত করা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সানন্দা পাহাড়ি এলাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় আড়াই কিলোমিটার এবং অপ্রতিমের বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। বাংলাদেশ জার্নাল