শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল। এতে সনাক, তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) শতাধিক সদস্য অংশ নেন।

সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন টিআইবির কো-অর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন কর্তৃপক্ষের কাছে নাগরিকদের চাহিদা ও চাপ সৃষ্টি করা প্রয়োজন। সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সক্ষমতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সেবাগ্রহীতা নাগরিকদের আরও সোচ্চার হতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সেবার মানোন্নয়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

আলোচনায় সনাকের সহ-সভাপতি কাজী আছমা আক্তার ও এস. এ. হামিদ, সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমদ, সাবেক ইয়েস আহবায়ক জিডিসন প্রধান সুছিয়াং, শিক্ষা উপকমিটির আহবায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ,  ও রহিমা বেগম বক্তব্য দেন।

ইয়েস সদস্য চন্দ্রিমা গোস্বামী অনুষ্ঠান সঞ্চালনা মুক্ত আলোচনায় সনাকের অয়ন চৌধুরী ও নিতেশ সুত্রধর ইয়েসের পক্ষ থেকে সুমি আক্তার সাথী, সৈয়দ আরমান জামি, রাহুল বর্মন, সাজু রায় ও তোফাজ্জল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া ১১টি এসিজির সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার করেন। পরে সনাক সদস্য দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *