জরায়ু ক্যান্সারসহ ৩ রোগে আক্রান্ত সাজেদা বাঁচতে চান

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : শরীরে একসঙ্গে বাসা বেঁধেছে তিনটি জটিল রোগ। জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি, পিত্তথলিতে পাথর এবং জরায়ুতে ক্যান্সার।অথচ এসব রোগের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই ৪০ বছর বয়সী সাজেদা বেগমের। শারীরিক অসুস্থতার কারণে বন্ধ হয়ে গেছে তার উপার্জনের পথ। মানসিক প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার।

 

সাজেদা বেগম দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার রুস্তম নগর মহল্লার বাসিন্দা।মাত্র দেড় শতক জমির ওপর গড়ে ওঠা জীর্ণ একটি ঘরে তাদের বসবাস। চার সদস্যের এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাজেদা নিজেই। অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে স্বামী ও এক ছেলে, এক মেয়ের মুখে খাবার তুলে দিতেন। সেই সামান্য আয়েই কোনো রকমে চলত সংসার, পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচও জোগাতেন।কিন্তু অসুস্থতা কেড়ে নিয়েছে তার সেই উপার্জনের সামর্থ্যটুকুও।

 

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জন্ম থেকেই হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে বেড়ে উঠেছেন সাজেদা। তবে তিন-চার মাস আগে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানোর পর তার হৃদযন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি শনাক্ত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় পিত্তথলিতে পাথর এবং জরায়ুতে ক্যান্সার ধরা পড়ে।

একসঙ্গে তিনটি জটিল রোগে আক্রান্ত হওয়ার পর থেকে ক্রমেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন তিনি।

স্বাভাবিক চলাফেরা ও পরিশ্রম করতেও কষ্ট হয়। ফলে বন্ধ হয়ে গেছে বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ। আয়-রোজগার না থাকায় এখন দুই বেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে পরিবারটির। অনিশ্চিত হয়ে পড়েছে সন্তানদের পড়াশোনাও।

 

একদিকে নিজের চিকিৎসার চিন্তা, অন্যদিকে মানসিক প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব মিলিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে সাজেদার। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সাজেদা বেগমের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা। সবার সহযোগিতা পেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবারের জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করছেন তারা।

সাজেদা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার তথ্য:
ফোন নম্বর: ০১৩০২১৪২৪৩৩

ব্যাংক হিসাব: সোনালী ব্যাংক
হিসাব নম্বর: ০১৮২২৬০১০১৫২০৪
শাখা: হুগলীপাড়া শাখা, পার্বতীপুর, দিনাজপুর
রাউটিং নম্বর: ২০০২২৮০৯৭০।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *