রাজারহাটে ক্রীড়াসামগ্রীর সংকটেও সম্ভাবনার স্বপ্ন দেখছে স্পোর্টস একাডেমী

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল রাজারহাট স্পোর্টস একাডেমী। প্রতিষ্ঠার পাঁচ বছরে বিভিন্ন ইভেন্টে প্রায় ১৫০ জন খেলোয়াড়কে সম্পৃক্ত করতে পারলেও নানা সংকটে প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না প্রতিষ্ঠানটি। পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী, প্রশিক্ষণ উপকরণ ও পৃষ্ঠপোষকতার অভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম। তবে সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে জাতীয় পর্যায়ে আরও দক্ষ খেলোয়াড় তৈরির সম্ভাবনা রয়েছে এ একাডেমীর।
২০২১ সালে প্রতিষ্ঠিত রাজারহাট স্পোর্টস একাডেমীতে বর্তমানে ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, দাবা ও অ্যাথলেটিকসসহ ছয়টি ইভেন্টে প্রায় ১৫০ জন খেলোয়াড় রয়েছে। ইতোমধ্যে এ একাডেমীর খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজারহাটের সুনাম অর্জন করেছে।
একাডেমীর সবচেয়ে বড় সংকট পর্যাপ্ত ক্রীড়াসামগ্রীর অভাব। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় খেলোয়াড়দের নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ দেওয়া কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়ার পৃষ্ঠপোষকতা ও স্পন্সরশিপে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অভাবও রয়েছে। ফলে সম্ভাবনাময় অনেক খেলোয়াড়কে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে সহায়তা করে। এ ক্ষেত্রে রাজারহাট স্পোর্টস একাডেমী স্থানীয় যুবসমাজকে সংগঠিত করার একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক মো. রেজাউল করিম (রেজা) বলেন, ‘আমাদের এখানে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, অভাব প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতার। পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী এবং পৃষ্ঠপোষকতা পেলে এ এলাকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল করতে পারবে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করতে ক্রীড়াপ্রেমী, বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।
সোমবার ৯ নভেম্বর জাতীয় দৈনিক খোলা কাগজের প্রধান বার্তা সম্পাদক মো. শফিকুল ইসলাম (সবুজ) একাডেমীর খেলোয়াড়দের জন্য এক সেট নতুন জার্সি ও দুটি ফুটবল উপহার দেন। এ সময় উপহারসামগ্রী তুলে দেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও দৈনিক খোলা কাগজের রাজারহাট উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস (মাস্টার)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন,  ডিএসবি মো: মহিমিনুল ইসলাম, সাবেক ফুটবলার কাজল, প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান (শিমু), সাংবাদিক এনামুল হক।  রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি নতুন জার্সির উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *