১০ মাস পর আবার বদলে গেল আফ্রিকা কাপের ফাইনালের ফল

 

মাঠে জিতেও শিরোপা হারিয়েছিল সেনেগাল। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সিদ্ধান্তে সেই শিরোপা চলে গিয়েছিল মরক্কোর হাতে। কিন্তু দুই মাস পর শিরোপা কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত এসেছিল, সেটি টিকল না ক্রীড়ার সর্বোচ্চ আদালতে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে আবারও আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল।

গত জানুয়ারিতে মরক্কোর বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে ১-০ গোলের জয়ই বহাল রেখেছে আদালত। ফলে প্রায় দশ মাস ধরে চলা আইনি লড়াই শেষে শিরোপা ফিরে পেল সাদিও মানেদের দেশ।

মঙ্গলবার সুইজারল্যান্ডের লুজানে আন্তর্জাতিক ক্রীড়া আদালত এই রায় দিয়েছে। সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল সর্বসম্মতভাবে মঞ্জুর করে কাফের আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে বহাল রাখা হয়েছে সিএএফের শৃঙ্খলা কমিটির মূল সিদ্ধান্ত।

এর অর্থ, গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সেনেগালের ১-০ গোলের জয়ই চূড়ান্ত ফল হিসেবে গণ্য হবে। মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি দেওয়ার যে সিদ্ধান্ত গত মার্চে নেওয়া হয়েছিল, সেটি আর কার্যকর থাকছে না।

আফ্রিকা কাপের এবারের ফাইনালটি ছিল বিতর্কে ভরা। স্বাগতিক মরক্কোর বিপক্ষে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হলে প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়েরা।

প্রায় ১৪ মিনিট বন্ধ থাকে খেলা। একপর্যায়ে মাঠে ফিরে আসেন সেনেগালের ফুটবলাররা। এরপর মরক্কোর হয়ে পেনাল্টি নিতে গিয়ে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেই সেনেগালের হয়ে জয়সূচক গোল করেন পাপ গেয়ে। ১-০ গোলের জয় নিয়ে আফ্রিকার শ্রেষ্ঠত্ব উদ্‌যাপন করেন সাদিও মানেরা। কিন্তু মাঠের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ফাইনালে খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সিএএফের কাছে অভিযোগ করে মরক্কো। প্রথমে কাফের শৃঙ্খলা কমিটি মাঠের ফল বহাল রাখলেও পরে আপিল বোর্ড ভিন্ন সিদ্ধান্ত নেয়।

গত ১৭ মার্চ কাফের আপিল বোর্ড জানায়, রেফারির অনুমতি ছাড়া ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছেড়ে চলে গিয়ে প্রতিযোগিতার নিয়ম ভেঙেছে সেনেগাল। ফলে তাদের ম্যাচটি ছেড়ে দেওয়া বা ‘ফরফিট’ করার শাস্তি দেওয়া হয়। মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করার পাশাপাশি আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়।

এরপরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয় সেনেগাল ফুটবল ফেডারেশন। তাদের আপিলের শুনানি হয় গত ৮ অক্টোবর। দুই দেশের ফুটবল ফেডারেশন ও কাফের বক্তব্য শোনার পর মঙ্গলবার চূড়ান্ত রায় দিয়েছে সিএএস।

রায়ের মূল বিষয় ছিল, সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও রেফারির ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের আইনগত বৈধতা।

আদালত জানিয়েছে, ম্যাচ চালিয়ে যাওয়া কিংবা পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রেফারির। সেই ক্ষমতা প্রয়োগ করে তিনি যখন দুই দলকে আবার মাঠে ফিরিয়ে খেলা শুরু করেন, তখন তার সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

সিএএসের তিন সদস্যের বিচারক প্যানেলের মতে, আফ্রিকা কাপের নিয়মের ৮২ ও ৮৪ নম্বর ধারা অনুযায়ী কোনো দল মাঠ ছেড়ে চলে গেলে তাদের পরাজিত ঘোষণা করা যেতে পারে। তবে এই ধারাগুলো মূলত সেই পরিস্থিতিতে প্রযোজ্য, যখন রেফারি ম্যাচ স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।

কিন্তু মরক্কো-সেনেগাল ফাইনালে সেটি ঘটেনি। রেফারি ম্যাচ বন্ধ রাখার পর আবার খেলা শুরু করেছিলেন এবং ম্যাচ শেষও হয়েছিল। তাই পরে মাঠের ফল পরিবর্তন করে মরক্কোকে জয়ী ঘোষণা করা সঠিক হয়নি।

রায় ঘোষণার পর সিএএসের মহাসচিব ম্যাথিউ রিব বলেছেন, ‘রেফারি আইনগত কোনো ভুল করেননি।’

রিবের ব্যাখ্যা, ‘এই ফাইনালে একজনই বিজয়ী হতে পারত, যেমন আইনি প্রক্রিয়াতেও একজনই জয়ী হতে পারত। আইন তার সিদ্ধান্ত জানিয়েছে। আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্ত আমাদের মেনে নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, সেনেগালের সাময়িকভাবে মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও ম্যাচটি পরিত্যক্ত হয়নি। রেফারি চাইলে ম্যাচ শেষ করে দিতে পারতেন। সে ক্ষেত্রে ফল অন্য রকমও হতে পারত। কিন্তু তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেটি নেওয়ার অধিকার তার ছিল।

তবে সিএএসের এই রায়ের অর্থ এই নয় যে, মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সেনেগাল কোনো নিয়ম ভাঙেনি বা তাদের সব শাস্তি বাতিল হয়েছে। ওই ঘটনার জন্য সেনেগাল ফুটবল ফেডারেশন, কোচ পাপ থিয়াও এবং দুই ফুটবলার ইলিমান এনদিয়ায়ে ও ইসমাইলা সারকে আলাদা শৃঙ্খলাভিত্তিক শাস্তি দিয়েছিল সিএএফ। সেসব শাস্তি এই রায়ের আলোচ্য বিষয় ছিল না।

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আফ্রিকা কাপের শিরোপা আবারও সেনেগালের। রায়ের পর সেনেগাল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছে, ‘আবারও এবং সব সময় আফ্রিকার চ্যাম্পিয়ন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *