👁 260 Views

শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জগজ্জননী শ্রীশ্রী বাসন্তী পূজা।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, পৌর শ্মশান ঘাট, নির্মাই শিববাড়ি, রূপসপুর আবাসিক এলাকার একাধিক মণ্ডপ, দেববাড়ি, সবুজবাগ শ্মশান ঘাট, উত্তসুর, গন্ধর্বপুর ও সন্ধানী আবাসিক এলাকায় ব্যক্তিগত ও সার্বজনীন ৫০টি মন্ডপে এ পূজা শুরু হয়েছে।
শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। সপ্তমী পূজার সকাল থেকেই মণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে। পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করবেন এবং ভক্তরা নিবেদন করবেন পুষ্পাঞ্জলি।
শ্রীমঙ্গল দেববাড়ির স্বর্গীয় অচ্যুত কুমার দেবের ছেলে অনন্য দেব (রামু) বাড়িতে অনুষ্ঠিত পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন লিটন ভট্টাচার্য। তিনি জানান, ২৪ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা ২৫ মার্চ বুধবার সপ্তমী থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হবে এবং ২৮ মার্চ শনিবার পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।
শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনই চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপূজা। বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তীপূজাই হল আদি দুর্গাপূজা। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হত এই বসন্তেই। প্রকৃতপক্ষে, বাসন্তী পূজা হল রাজা সুরথ কর্তৃক প্রবর্তিত আদি দুর্গাপূজা। পরবর্তীতে ভগবান রাম শরৎকালে অকালবোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *