আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২৩০ বাগানে ভোট ২৮ নভেম্বর

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : হেমন্তের হালকা কুয়াশা আর শীতের আবহের মধ্যে নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশে’। আট বছর পর দেশের ২৩০টি চা বাগানে নির্বাচন হচ্ছে। বাগান, কারখানা, শ্রমিক লাইন সরগরম এখন ভোটের প্রচারে।

চার জেলায় অবস্থিত এসব বাগানের লক্ষাধিক ভোটার স্থানীয় সরকার নির্বাচনের মতো শ্রমিক নেতৃত্ব নির্বাচনের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সকাল থেকে মধ্যরাত অবধি প্রার্থীরা ভোটারদের বাড়ি-বাড়ি আর বাগানে-বাগানে গিয়ে তাঁদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। উঠান বৈঠক, সভা আর ছোট ছোট মিছিলের মধ্য দিয়ে ভোটের প্রচার চলছে অবিরত।

নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত শ্রম অধিদপ্তরের তথ্যমতে, ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৪৫ জন। প্রতিটি বাগানই যেহেতু একটি কেন্দ্র, সেই হিসাবে ২৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

Affordable Sreemangal Tour Guide form $200/person – the beautiful Tourist Spots in Sylhet

শ্রম অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক এবং নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন বলেন, “নির্বাচনের সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ১৫ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। এই নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি করে প্যানেলে ভোট দেবেন। শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি, প্রতিটি ভ্যালির নেতৃত্বের জন্য একটি এবং শ্রমিক যে বাগানে কাজ ও বসবাস করেন সেখানকার পঞ্চায়েত কমিটির জন্য একটি প্যানেলে ভোট দেবেন।”

উল্লেখযোগ্য প্রার্থী কারা

চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর এবার আবার ভোটের মাঠে ফিরছেন চা শ্রমিকরা।

স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক পদকে ঘিরে বিশেষ আগ্রহ রয়েছে ভোটারদের মধ্যে।

এবার সভাপতি পদে শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি, হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানের নিপেন পাল এবং হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার।

নির্বাচন কমিশনের কার্যালয় থেকে জানা গেছে, সভাপতি প্যানেলে থাকবেন চারজন—একজন সভাপতি, একজন কার্যকরী সভাপতি, একজন সংরক্ষিত মহিলা সহসভাপতি ও একজন সাধারণ সহসভাপতি।

Tea industry needs climate-adaptive varieties: experts | The Daily Star

সম্পাদক প্যানেলে থাকবেন একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন মহিলা সম্পাদক ও একজন অর্থ সম্পাদক।

এই কমিটির সঙ্গে সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত হবেন। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির পরিসর হবে ৩০ জনের।

কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে।

সাতটি ভ্যালির মধ্যে সিলেট, চট্টগ্রাম, লস্করপুর ও লংলা ভ্যালিতে তিনটি করে এবং জুড়ী, বালিশিরা ও মনু-ধলাই ভ্যালিতে দুটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ ছাড়া ২৩০টি বাগান ও পঞ্চায়েত এলাকায় দুই থেকে পাঁচটি পর্যন্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলভেদে কমিটির সদস্যসংখ্যাও ভিন্ন—কোথাও ১১, কোথাও ১৩ আবার কোথাও ১৫ জনের কমিটি রয়েছে।

নির্বাচন-সংশ্লিষ্টদের হিসাবে, সব মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি

প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত অবধি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। কেন্দ্রীয় কমিটির প্রার্থীদের জন্য ভোটের এলাকা বেশ বড়। তাঁদের সিলেট বিভাগের তিন জেলা—হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট ছাড়াও চট্টগ্রামেও দৌড়াতে হচ্ছে।

বাগানের লাইনগুলোতে পড়েছে পোস্টারের পর পোস্টার। চায়ের দোকানেও গরম চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে উড়ছে প্রার্থী ও ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কে ভালো, কার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি—এসব নিয়েই এখন মশগুল চা বাগান।

কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদপ্রার্থী রাজু গোয়ালা বলেন, “একসময় চা শ্রমিকদের মজুরি ১০০ টাকার নিচে ছিল। আমরা আন্দোলন করে তা ১৯৮ টাকায় নিয়ে এসেছি। আমার শ্রমিক ভাইয়েরা এটা ভালো করেই জানেন, আমি সব আন্দোলনে ছিলাম।

“শ্রমিকদের কোনো সমস্যার কথা শুনলে আমি ঘরে বসে থাকতে পারি না। চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকায় নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।”

অপর সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ বলেন, “এটি বাংলাদেশের একটি বৃহৎ ট্রেড ইউনিয়ন। এই ইউনিয়ন শ্রমিকদের কল্যাণে কাজ করে। আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। চা শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রয়াত মাকন লাল কর্মকার অসুস্থ থাকায় তখন সহসভাপতি হিসেবে সেই দায়িত্বে থেকে আমি সংগঠনের কাজ করেছি। যতটা পেরেছি শ্রমিকদের পাশে থেকেছি। ভবিষ্যতেও শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”

Tea Workers Voting | Countless promises, little change | Why Tea Workers Are Not Interested in Voting? | The Daily Star

সাধারণ সম্পাদক পদপ্রার্থী পরেশ কালিন্দি বলেন, “আমি কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাইব না। যতটা পারব, ততটাই বলছি।

“শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমানের উন্নয়নে কাজ করতে চাই। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।”

আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুকেশ কর্মকার বলেন, “চা শ্রমিকদের ইতিহাস বঞ্চনার ইতিহাস। দেড়শ বছর পেরিয়ে গেলেও চা শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। এই অবস্থার পরিবর্তনের লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে এসেছি। আমি শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করতে চাই।”

ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির প্রার্থী কাঞ্চন গৌড় বলেন, “আমি শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। বাগানের শ্রমিকদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়াই আমার লক্ষ্য।”

বালিশিরা ভ্যালির সভাপতি প্রার্থী বিজয় হাজরা বলেন, “আমি একটি শহীদ পরিবারের সদস্য। চা-বাগানের মাটিতে আমার পরিবারের রক্ত রয়েছে। এই রক্তের দাবি থেকেই আমি শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই।

“শ্রমিকদের অধিকার আদায়ে আমি সবসময় সচেষ্ট ছিলাম, ভবিষ্যতেও থাকব। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও তাদের জীবনমানের উন্নয়নে কাজ করতে চাই।”

শ্রমিকবান্ধব নেতৃত্ব চান শ্রমিকরা

শ্রমিকরা বলছেন, তাঁরা তিনটি স্তরেই এমন নেতৃত্ব নির্বাচন করতে চান, যারা শ্রমিকদের দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করবেন। সরকার ও মালিকপক্ষের সঙ্গে দরকষাকষি করে তাঁদের দাবি আদায় করতে পারবেন, এমন নেতা চান তাঁরা।

চা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্বের কাছে তাঁদের প্রত্যাশার তালিকাও দীর্ঘ। মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে তাঁরা গুরুত্ব দিতে চান।

বালিশিরা ভ্যালির ভোটার সাবিত্রী তাঁতি বলেন, “আমরা এমন মানুষকে ভোট দিতে চাই, যারা নির্বাচিত হয়ে শুধু পদে বসে থাকবেন না, শ্রমিকদের অধিকার আদায়ের মাঠে থাকবেন। আমাদের মজুরি, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য যারা কথা বলবেন, আমরা তাদেরই বেছে নিতে চাই।”

তিনি বলেন, “অনেক বছর পর নির্বাচন হচ্ছে। তাই এবার আমরা যোগ্য ও শ্রমিকবান্ধব নেতৃত্ব চাই। যারা শ্রমিকদের পাশে থাকবেন এবং আমাদের কথা মালিকপক্ষ ও সরকারের কাছে তুলে ধরবেন, তাদেরই আমরা ভোট দেব।”

বালিশিরা ভ্যালির আরেকজন চা শ্রমিক মিনি গড় বলেন, “আমাদের বাগানের পঞ্চায়েত প্যানেল পাঁচটা, ভ্যালির প্যানেল দুইটা, কেন্দ্রীয় কমিটির প্যানেলও আছে। সব প্যানেলের প্রার্থীরাই আসতেছে। সবাই সুন্দর সুন্দর কথা কইতাছে। এখনও স্থির করিনি কাকে ভোট দিব। আরও সময় আছে দেখেশুনে ভোট দিবো।”

শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শ্রমিক ও ভোটার শ্যামলী ভূইয়া বলেন, “এখন আমাদের চা বাগান এলাকায় উৎসব চলতেছে। অনেক প্রার্থী দাঁড়াইছে। সবাই আমাদের কাছে আসতেছে। তবে আমরা ভোটটা দেবো দেইখা। যে আমাদের জন্য কাজ করতে পারবে আমরা তাকেই বাছাই করবো।”

শ্রমিকদের কেউ কেউ বলছেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সংগঠনের নেতৃত্বের সঙ্গে সাধারণ শ্রমিকদের দূরত্ব তৈরি হয়েছে। এবার ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব এলে সেই দূরত্ব কমবে এবং বাগানভিত্তিক সমস্যা সরাসরি সাংগঠনিক কাঠামোর মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে—এমন প্রত্যাশা তাঁদের।

অপরদিকে নির্বাচনের মাধ্যমে চা শ্রমিক ইউনিয়নে প্রতিনিধি এলে শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে চা সংসদের সঙ্গে আলোচনা সহজ হয় বলে মনে করছেন বাগানমালিকরা।

নন্দরাণী চা বাগানের মালিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “একটি প্রতিনিধিত্বশীল সংগঠন থাকলে মালিক ও শ্রমিক—দুই পক্ষের মধ্যে যোগাযোগ আরও কার্যকর হয়। শ্রমিকদের দাবি-দাওয়া ও বিভিন্ন সমস্যা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করা সহজ হয়।”

এবার নির্বাচন সম্পন্ন হলে চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চা শ্রমিক ইউনিয়নের বৃত্তান্ত

চা শ্রমিক ইউনিয়নের প্রবীণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৪৮ সালের ৩ জুন মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত, সহসভাপতি জীবন সাঁওতাল, সাধারণ সম্পাদক নিকুঞ্জ বিহারী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক দুর্গেশ চন্দ্র দেব। এ ছাড়া কমিটিতে ছিলেন সুহাসিনী দাশ ও নিকুঞ্জ বিহারী গোস্বামী।

তখন ইউনিয়নের কার্যালয় ছিল কুলাউড়া শহরের উত্তর দিকে জুড়ী-বড়লেখা সড়কের রেলক্রসিংয়ের পাশে। কার্যালয়টির নাম ছিল ‘কর্মী ভবন’। এর নিবন্ধন নম্বর ছিল ই/বি-৭৭।

এর ১১ বছর পর ইউনিয়নের নেতৃত্বে আসেন আলীজান সরদার ও মো. সোলেমান। আলীজান সরদার সভাপতি এবং মো. সোলেমান সাধারণ সম্পাদক ছিলেন। এই কমিটি ‘লেবার হাউজ’-এর নাম পরিবর্তন করে ‘ইউনিটি হাউজ’ রাখে।

দায়িত্ব গ্রহণের আট বছর পর আইএলও থেকে কমিটিকে একটি গাড়ি উপহার দেওয়া হয়। এ সময় ওই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাধারণ সম্পাদক মো. সোলেমানের বিরুদ্ধে। এর পর ইউনিয়নের কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দেয় এবং একপর্যায়ে তা স্থবির হয়ে পড়ে।

বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ থাকার পর পাকিস্তান আমলে ষাটের দশকে চা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনের বিষয়ে সুরেন্দ্রনাথ বুনার্জীসহ কয়েকজন শ্রমিক নেতা সিলেটে অবস্থিত মার্শাল ল অফিসারের কাছে যান।

সরকারি কর্মকর্তা তাঁদের নতুন একটি কমিটি গঠনের অনুমতি দেন। এরপর শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগানে রজনী তন্তবাইয়ের ঘরে স্থানীয় চা শ্রমিক নেতারা বৈঠকে বসেন।

বৈঠকে একজন শিক্ষিত চা শ্রমিককে নেতৃত্বে আনার বিষয়ে আলোচনা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চা শ্রমিক সন্তান রাজেন্দ্র প্রসাদ বুনার্জীর নাম প্রস্তাব করা হয়। রাজেন্দ্র প্রসাদ বুনার্জী তখন আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ময়মনসিংহের সরিষাবাড়ী শ্রমকল্যাণ কেন্দ্রে সংগঠক পদে চাকরি করছিলেন। চাকরি ছেড়ে ১৯৬৯ সালে তিনি চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের হাল ধরেন।

এর ৩৭ বছর পর ২০০৬ সালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে আসে বর্তমান ‘সংগ্রাম কমিটি’। ২০০৮ সালে রাজেন্দ্র প্রসাদ বুনার্জীর নেতৃত্বে লেবার হাউজ পুনরুদ্ধার করা হলেও তাঁরা বেশিদিন তা ধরে রাখতে পারেননি।

এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পরপর তিনবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে ‘সংগ্রাম কমিটি’।

এই কমিটির সভাপতি নির্বাচিত হন মাকন লাল কর্মকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রামভজন কৈরী। ২০১৮ সালের নির্বাচনের কিছুদিন পর রামভজন কৈরী সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন নিপেন পাল। পরে সভাপতি মাকন লাল কর্মকার অসুস্থ হলে তাঁর দায়িত্ব পালন করে আসছেন সহসভাপতি পঙ্কজ কন্দ। পরে মাকন লাল কর্মকার মারা যান।

নির্বাচন ও ব্যয়

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, শ্রমিকদের দেওয়া মাসিক ১৫ টাকা চাঁদা থেকে চার শতাংশ নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য রাখা হয়। এই টাকা থেকেই নির্বাচনের জন্য ২৫ লাখ টাকা শ্রম অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। বাকি অর্থ সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “এটি একটি বৃহৎ নির্বাচন। যারা নির্বাচিত হবেন, তারা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তারা মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও চুক্তির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন।”

তিনি বলেন, “নির্বাচন আয়োজনের জন্য সরকার ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। পাশাপাশি চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।”

ভোটের দিন নিরাপত্তার জন্য প্রত্যেক কেন্দ্রে একজন এসআই ও তিনজন কনস্টেবল থাকবেন। পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও থাকবেন।

নির্বাচন পরিচালনার জন্য প্রত্যেক কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার এবং প্রত্যেক বুথে দুজন করে পোলিং অফিসার থাকবেন।

জাতীয় তথ্য বাতায়নের চা বোর্ডের তথ্য অনুযায়ী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ায় ১০টি বড় চা বাগানের তালিকা রয়েছে। তবে এসব চা বাগানের বাইরেও অনেকে নিজেদের জমিতে চা চাষ করেন। কিন্তু এখানকার শ্রমিকেরা এই নির্বাচনের ভোটার নন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রম অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন বলেন, মূলত পঞ্চগড়ের শ্রমিকেরা চা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নন। এই ইউনিয়নের সদস্য হতে গেলে কিছু নিয়মকানুন আছে।

তিনি বলেন, চা বাগানের সব শ্রমিকও কিন্তু এই নির্বাচনের ভোটার নন। চা বাগানে বসবাসকারী পরিবারের সবাইও এই নির্বাচনের ভোটার নন। শুধু যারা শ্রমিক ইউনিয়নের সদস্য, তাঁরাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন। নিয়মিত সদস্য হলে প্রত্যেক শ্রমিককে অবশ্যই মাসিক ১৫ টাকা করে শ্রমিক ইউনিয়নকে দিতে হবে। যারা এটি দিয়েছেন, তাঁরাই ভোটার হয়েছেন।

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী। এ ছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে আছেন ১১ জন। তাঁরা সবাই শ্রম অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা চারজন—তাঁরা সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পর্যায়ের কর্মকর্তা।

আর সহকারী রিটার্নিং কর্মকর্তা চা বাগান অধ্যুষিত ২০ উপজেলার ২০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

Work abstention at tea garden in Sreemangal demanding arrear  | Prothom Alo

ভ্যালি কমিটি কীভাবে হয়

বালিশিরা ভ্যালি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান নিয়ে এ ভ্যালি গঠিত। এ ভ্যালিতে চা শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় একটি পদ বেশি। এখানে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই চারটি পদ রয়েছে।

জুড়ী ভ্যালি: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার চা বাগান নিয়ে এ ভ্যালি গঠিত। এখানকার কমিটিতে তিনটি পদ—সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক।

লংলা ভ্যালি: কুলাউড়া উপজেলার চা বাগানগুলো এই ভ্যালির অধীন। এই কমিটিতে তিনটি পদ—সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক।

মনু-ধলাই ভ্যালি: মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলার চা বাগান নিয়ে এই ভ্যালি গঠিত। কমিটিতে তিনটি পদ—সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক।

লস্করপুর ভ্যালি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগানগুলো এই ভ্যালির অন্তর্ভুক্ত। কমিটিতে তিনটি পদ—সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক।

সিলেট ভ্যালি: সিলেট সদর ও গোয়াইনঘাট উপজেলার চা বাগানগুলো নিয়ে এ ভ্যালি গঠিত। কমিটিতে তিনটি পদ—সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম ভ্যালি: চট্টগ্রাম বিভাগের চা বাগানগুলো এই ভ্যালির অন্তর্ভুক্ত। এ ভ্যালির কমিটিতে তিনটি পদ—সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক।

চা–বাগান ঘুরে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন প্রীতম দাশ

পঞ্চায়েত বাগানের নিজস্ব ব্যবস্থা

চা বাগানের শ্রমিক সমাজে পঞ্চায়েত ব্যবস্থা নতুন কোনো প্রথা নয়। ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠারও আগে থেকে চা বাগানগুলোতে সামাজিক সমস্যা ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পারিবারিক বিরোধ, বিবাহ-বিচ্ছেদ, সামাজিক অনিয়মসহ বিভিন্ন স্থানীয় সমস্যা পঞ্চায়েতের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।

শ্রমিক নেতারা বলেন, ১৯৪৮ সালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন গড়ে উঠলে পঞ্চায়েত ব্যবস্থাও ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে চা বাগানের স্থানীয় ও সামাজিক বিভিন্ন সমস্যা পঞ্চায়েতের মাধ্যমে সমাধান করা হয়। বড় ধরনের কোনো সমস্যা হলে ট্রেড ইউনিয়নও এতে যুক্ত হয়ে শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

তবে পঞ্চায়েত রাষ্ট্রীয় বিচারব্যবস্থার বিকল্প নয়। কোনো ঘটনা প্রচলিত ফৌজদারি আইন বা দণ্ডবিধির আওতাভুক্ত হলে ভুক্তভোগী ব্যক্তি অথবা রাষ্ট্রের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় আইনের অধীনেই বিচার ও শাস্তির মুখোমুখি হতে হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্ষীয়ান চা শ্রমিক নেতা রাজেন্দ্র বুনার্জী বলেন, “চা-বাগানে পঞ্চায়েত ব্যবস্থা ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠারও আগের। আমাদের পূর্বপুরুষরা যখন ভারত থেকে এ দেশে আসেন, তখন তারা যেসব এলাকায় বসবাস করতেন, সেখানে স্থানীয় সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত ব্যবস্থা ছিল। সেই ঐতিহ্য তারা সঙ্গে করে নিয়ে আসেন এবং চা-বাগানে নিজেদের সামাজিক জীবনের অংশ হিসেবে পঞ্চায়েত ব্যবস্থা চালু রাখেন।”

তিনি বলেন, “ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার পর শ্রমিকদের অধিকার ও কর্মসংক্রান্ত বড় বিষয়গুলো ইউনিয়নের মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু সামাজিক ও স্থানীয় অনেক বিষয়ে এখনো পঞ্চায়েতের ভূমিকা রয়েছে। চা-বাগানের মানুষের সামাজিক কাঠামো ও ঐতিহ্যের সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা গভীরভাবে যুক্ত।”

চা শ্রমিক নেতারা জানান, বাগানভেদে পঞ্চায়েত কমিটির সদস্যসংখ্যা ভিন্ন। কমিটিতে সর্বনিম্ন ১১ থেকে সর্বোচ্চ ১৫ জন সদস্য থাকেন।

চলমান নির্বাচনে পঞ্চায়েত কমিটির নির্বাচন হচ্ছে প্যানেলভিত্তিক। যে বাগানে ১৫ সদস্যের পঞ্চায়েত, সেখানে ১৫ জন প্রার্থী মিলে একটি প্যানেল বা প্রতীকে নির্বাচন করছেন।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সব বাগানেই একাধিক প্যানেল রয়েছে। কোনো কোনো বাগানে পাঁচটি পর্যন্ত প্যানেল রয়েছে। ২৩০টি বাগানে পঞ্চায়েতের প্যানেল রয়েছে প্রায় ৬০০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *