রবিউল হক , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পাঠ্যন্নোয়ন উপলক্ষে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু ওয়াজেদ জার্মান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী, এএসআই হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রেয়াজুল ইসলাম কালু তার বক্তব্য বলেন,চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় একসময় পুরো উপজেলায় শিক্ষার মান এবং ফলাফলের দিক থেকে সবার উপরে ছিল। সেই সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থীসহ সকল অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে বিশেষ কিছু বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগিরই সেগুলো পাওয়া যাবে। পরিশেষে তিনি বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি কথা ব্যক্ত করেন ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরে বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি তাদের অভিভাবকদেরকেও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।