
মাহামুদুল হাসান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে “কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামী দিনের নতুন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরবর্তীতে হলরুমে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. আরাফাত আমান আজিজ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ। এছাড়াও অনুষ্ঠানে পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ ও পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।