👁 374 Views

পার্বতীপুর ইয়াংস্টার পাঠাগারের অফিস সহায়ক আবুজারের মৃত্যুতে শোকের ছায়া

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পার্বতীপুর শহরের পরিচিত মুখ ও ইয়াংস্টার পাঠাগারের অফিস সহায়ক আবুজার আর নেই। গতকাল মঙ্গলবার রাত ১ টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
আবুজার ছিলেন অত্যন্ত কর্মঠ, পরিশ্রমী ও সদালাপী একজন মানুষ। দীর্ঘদিন ধরে পার্বতীপুর শহরের ইয়াংস্টার পাঠাগারে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পাঠাগারে নিয়মিত যাতায়াতের সুবাদে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনম্থপুর ইউনিয়নের দাগলাগন্জ ডাঙ্গা পাড়া গ্রামে।
সাংবাদিকতা পেশার কারণে তাঁর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও সুসম্পর্কের স্মৃতিচারণ করে বলা যায়, আবুজার ছিলেন সহজ-সরল ও প্রাণখোলা মনের মানুষ। ফোনে কিংবা সরাসরি সাক্ষাতে প্রায়ই তাঁর সঙ্গে নানা বিষয়ে কথা হতো। ব্যস্ততার মাঝেও মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা এবং আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করার অসাধারণ গুণ ছিল তাঁর। কর্মক্ষেত্রেও দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান ও পরিশ্রমী।
পার্বতীপুর শহরের মানুষ তাঁকে আপনজনের মতো করে ‘আবুজার’ নামেই চিনতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিচিতজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একজন সহজ-সরল, কর্মঠ ও আন্তরিক মানুষকে হারানোর বেদনা দীর্ঘদিন অনুভূত হবে।
মৃত্যুর মধ্য দিয়ে একজন মানুষের জীবন থেমে যায়, কিন্তু তাঁর ব্যবহার, আন্তরিকতা ও ভালোবাসার স্মৃতিগুলো থেকে যায় আপনজনদের হৃদয়ে। আবুজারের সঙ্গেও জড়িয়ে রইল তেমনই কিছু মায়াময় স্মৃতি, যা হয়তো সময়ের সঙ্গে আরও গভীর হয়ে উঠবে।
মরহুম আবুজারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা ও সহমর্মিতা।
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *