
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের তৃতীয় দিনের শুরুটা ছিল আফগানিস্তানের জন্য হতাশার। আগের দিন ৪ উইকেটে ২১১ রান নিয়ে খেলা শেষ করা দলটি আজ মাত্র ২৯ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায়। প্রথম ইনিংসে আফগানিস্তানের ইনিংস থামে ২৪০ রানে। ফলে ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান ও সাদমান ইসলাম সাবলীল ব্যাটিং করছিলেন। প্রথম ইনিংসে দুজনই ফিফটি করেছিলেন। তবে ৩৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৩ রান করে মোহাম্মদ সেলিমের বাউন্সারে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন সাদমান। প্রথম ইনিংসেও সেলিমের বাউন্সারে ক্যাচ দিয়ে ফিরেছিলেন তিনি।
এরপর ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ইয়ামিন আহমদজাইয়ের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বলে ব্যাট চালিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন মুমিনুল হক। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন আতাল। ৭ রান করে ফেরেন মুমিনুল। তাঁর বিদায়ের পরই শেষ হয় দিনের প্রথম সেশনের খেলা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৪ রান, লিড ১৫০।
লাঞ্চের পর তানজিদ হাসানের সঙ্গে যোগ দেন নাজমুল হোসেন। তবে ৩১ রান করে তানজিদও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৮ বলে করা তাঁর ইনিংসটি থামে ইয়ামিন আহমদজাইয়ের ব্যাক অব লেংথ ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে। ৫৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তখন দলের লিড ছিল ১৫৯ রান।
এরপর প্রতিরোধ গড়েন নাজমুল ও মুশফিকুর রহিম। একপর্যায়ে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হতে বসেছিলেন নাজমুল। তবে রিভিউ নেওয়ায় বেঁচে যান তিনি; দেখা যায়, বল স্টাম্প মিস করত। এরপর দুজন মিলে ধীরে ধীরে দলকে বিপদ থেকে বের করে আনেন।
২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৮৪ রান। মুশফিক ২২ ও নাজমুল ১০ রানে অপরাজিত ছিলেন। ৩০ ওভার শেষে দলের রান হয় ১১২। তখন মুশফিকের সংগ্রহ ৪২, নাজমুলের ১৭; দুজনের জুটি থেকে আসে ৫৯ রান। দ্বিতীয় সেশন শেষে ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২৪ রান। মুশফিক ৪৮ ও নাজমুল ২৩ রানে অপরাজিত ছিলেন। তাঁদের জুটি তখন ৭১ রানের, বাংলাদেশের লিড ২৩০।
শেষ সেশনের শুরুতেই টেস্টে নিজের ৩০তম ফিফটি তুলে নেন মুশফিক। এরপর ফিফটি পূর্ণ করেন নাজমুলও। দুজনের দৃঢ়তায় বাংলাদেশের লিড বেড়ে দাঁড়ায় ২৮৪ রানে। মুশফিক ৭৪ রানে ব্যাট করছেন, তাঁর সঙ্গে অপরাজিত নাজমুলও দলের রান বাড়িয়ে চলেছেন।
দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও মুশফিক ও নাজমুলের ব্যাটিংয়ে এখন ম্যাচে শক্ত অবস্থানে বাংলাদেশ। মুশফিকের সামনে রয়েছে সেঞ্চুরির সুযোগ, আর তাঁদের জুটি বাংলাদেশকে বড় লিডের পথে এগিয়ে নিচ্ছে।