
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত অভিযানে আনন্দ ফুডকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় পৃথক দুটি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী উপস্থিত ছিলেন।