শিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : শ্রমজীবী মানুষের চিকিৎসায় দেশের ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, শ্রমিকদের সুচিকিৎসার জন্য সরকার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে।

প্রতিটি ১০০ শয্যার এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সংসদ সদস্য শিমুল বিশ্বাস নিম্ন আয়ের উৎপাদনশীল জনগোষ্ঠী, বিশেষ করে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।

অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শিমুল বিশ্বাসকে উদ্দেশে তিনি বলেন, তিনি আইনজীবী হিসেবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকলেও সেদিন প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকবেন না। তাই আগেই প্রশ্নটি করেছেন।

এরপর প্রধানমন্ত্রী উত্তর দিতে প্রস্তুত কি না জানতে চান স্পিকার।

শিমুল বিশ্বাসকে প্রশ্নের জন্য ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। স্বৈরাচারী শাসনামলে দেশের চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ চিকিৎসাব্যবস্থার অবনতি ঘটেছে।

সরকারপ্রধান বলেন, বিগত সরকারের নীতির কারণে দেশের মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট বিদেশি দেশের ওপর নির্ভরশীল হতে হয়েছিল।

জ্বালানি ও শিল্প খাত নিয়েও বিগত সরকারের সমালোচনা করেন তারেক রহমান।

তিনি বলেন, দেশীয় খনিজ সম্পদের ব্যবহার ও শিল্পের বিকাশে গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছিল।

বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের পরিকল্পনার অংশ। এ লক্ষ্যেই প্রাথমিকভাবে ছয়টি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *