মুহহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেক করা এবং শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে গাড়ির নিবন্ধন ও সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭সেপ্টেম্ববর)
সকালে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক জুলহাস উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন, গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন ও তারেক মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমানে পৌরসভা কর্তৃক নির্ধারিত রোড নিবন্ধন ফি পরিবহনসংশ্লিষ্ট মালিক ও চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এ ফি অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।
এ ছাড়া শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে নিবন্ধনবিহীন যানবাহন শনাক্তকরণ এবং বৈধ গাড়িগুলোর সিরিয়াল চেকিংয়ের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। এতে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নিবন্ধন প্রক্রিয়াও আরও কার্যকর হবে বলে দাবি করেন তারা।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও শেরপুর পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।