সংসদ ভিজিটে ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ১০০ জন

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন (পার্লামেন্ট ভিজিট) কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কয়েক ধাপে পরীক্ষা গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবারের আয়োজনের জন্য ১০০ জনকে নির্বাচিত করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী জানিয়েছেন, শুরু থেকেই সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে শিক্ষার্থীদের নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েই পুরো নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ থেকে মাত্র ১০০ জনকে নির্বাচনের সুযোগ থাকায় প্রতিযোগিতা ছিল অত্যন্ত কঠিন। অনেক শিক্ষার্থীই খুব সামান্য ব্যবধানে একে অপরের চেয়ে এগিয়ে ছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীর প্রচেষ্টা ও মেধা প্রশংসার দাবিদার।
নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য বলেন, যারা এবারের ১০০ জনের তালিকায় স্থান পেয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত তালিকায় স্থান পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদেরও এ সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের জ্ঞান, মেধা ও অভিজ্ঞতার পরিধি যত বিস্তৃত হবে, ততই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ।পরিশেষে নির্বাচিত শিক্ষার্থীদের সংসদ ভিজিট আনন্দময়, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীর পথচলা এবং প্রিয় উলিপুরের সমৃদ্ধি কামনা করেন সংসদ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *