👁 319 Views

আদমদীঘিতে পিতলের গণেশ মূর্তি সোনা বলে বিক্রির চেষ্টা, নারীসহ গ্রেপ্তার ৪ 

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতিকালে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫), তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।
পুলিশ জানায়, বুধবার রাতে ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে একটি চক্র পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণের প্রলেপসদৃশ আবরণযুক্ত একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *