👁 513 Views

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার খবর দিয়েছে ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম।

সেসব খবরে বলা হচ্ছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে।

এ খবর প্রথম প্রকাশ করে লন্ডন থেকে পরিচালিত ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি আসে।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার বিষয়টিকে ইরানের কট্টরপন্থিদের বিজয় হিসেবেই দেখা হচ্ছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে কোনো খবর আসেনি।

৩৬ বছর দেশ শাসন করা খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার সঙ্গে তার মেয়ে, জামাতা ও নাতনিরও প্রাণ যায়। হামলায় আহত হওয়ার পর তার স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহও মারা যান।

ইরানের রেভল্যুশনারি গার্ডস টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে এবং তেহরানে একটি বড় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেইকে নিয়ে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *