👁 560 Views

ঈদুল আজহা: আজ মিলছে ২৫ মে’র ট্রেনের অগ্রিম টিকিট

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৫ মে) থেকে শুরু হয়েছে ২৫ মে’র অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতোই শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে।

টিকিট প্রত্যাশীদের সুবিধার্থে রেলওয়ে দুই ভাগে টিকিট বিক্রি করছে। সকাল ৮টা থেকেই পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়াও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে ও ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে। এছাড়া ২৬ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *