
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০) নামে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাবেয়া বেগম পাশের বাড়িতে যাওয়ার সময় বাড়ির টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী আবু সাঈদও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে দুজনেরই মৃত্যু হয়।সরেজমিনে গিয়ে জানা যায়, আবু সাঈদ দম্পতি পাশের বাড়ি থেকে মিটার সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবহৃত সার্ভিস লাইনের তারে লিকেজ সৃষ্টি হওয়ায় টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই বেড়ায় স্পর্শ করায় প্রথমে রাবেয়া বেগম এবং পরে তাকে বাঁচাতে গিয়ে আবু সাঈদ বিদ্যুৎস্পৃষ্ট হন।নিহত আবু সাঈদ আলহাজ আব্দুস সামাদের ছেলে। তিনি ও তার স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয়রা বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা মরহুম আবু সাঈদ ও রাবেয়া বেগমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এ বিষয়ে উলিপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ সাঈদ ইবনে সিদ্দীক জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।