👁 128 Views

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে আবার পাথর উত্তোলন শুরু

পার্বতীপুর ঃ
এক মাস ২২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কার্যক্রম শুরু করা হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় বিস্ফোরক আমদানির পর এক মাস ২২ দিন পর পুনরায় উৎপাদন শুরু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরকের মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ ছিল। বর্তমানে নতুন করে বিস্ফোরক খনিতে পৌঁছেছে এবং শনিবার সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে।’
তিনি আরও জানান, বর্তমানে ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। এ পরিমাণ বিস্ফোরক দিয়ে প্রায় আড়াই মাস পাথর উত্তোলন কার্যক্রম চালানো সম্ভব হবে। আরও ৩০০ টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

খনি সূত্র জানায়, সময়মতো বিস্ফোরক সরবরাহ না হওয়ায় এর আগেও কয়েক দফা মধ্যপাড়া খনির উৎপাদন ব্যাহত হয়েছে। ২০২৫ ও ২০২২ সালেও বিস্ফোরক সংকটের কারণে পাথর উত্তোলন বন্ধ ছিল। এর আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।
প্রসঙ্গত, দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে প্রায় ৭০০ শ্রমিক খনিতে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে ছয় বছরের পুনঃ চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *