👁 296 Views

এপ্রিলের সেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন নাহিদ রানা। গতির ঝড় আর নিয়ন্ত্রিত বোলিংয়ে ইতোমধ্যেই ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ওঠা এই তরুণ এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতির বড় মঞ্চ। এপ্রিল মাসে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।

২৩ বছর বয়সী নাহিদ রানার সঙ্গে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন ওমানের অধিনায়ক যতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার। এপ্রিলজুড়ে ব্যাট হাতে ঝড় তুলে ২৬৬ রান করেছেন যতিন্দর, যেখানে নেপালের বিপক্ষে ছিল রেকর্ডগড়া ১৩৯ রানের ইনিংস। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই আলো ছড়িয়েছেন অজয় কুমার। নিজের প্রথম দুই ওয়ানডেতেই নিয়েছেন ৯ উইকেট, যার মধ্যে ওমানের বিপক্ষে ছিল ৬ উইকেটের বিধ্বংসী স্পেল।

তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ স্বাভাবিকভাবেই এখন নাহিদ রানার দিকেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে টাইগারদের ২-১ ব্যবধানে সিরিজ জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন এই পেসার। আগুনঝরা গতি, নিখুঁত লাইন-লেন্থ এবং ধারাবাহিক নিয়ন্ত্রণে কিউই ব্যাটিং লাইনআপকে বারবার চাপে ফেলেছেন তিনি। পুরো সিরিজে ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট শিকার করে জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।

এপ্রিলের সেই দুর্দান্ত অভিযানের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ছিল মিরপুরে দ্বিতীয় ওয়ানডে। সেদিন ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং ধস নামিয়েছিলেন নাহিদ। তার বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই বাংলাদেশ পেয়েছিল ৫৫ রানের দাপুটে জয়। পরে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচেও নিজের ধারাবাহিকতা ধরে রেখে আরও দুটি উইকেট শিকার করেন তিনি, যা বাংলাদেশকে নিশ্চিত করে সিরিজ জয়।

এদিকে নারী বিভাগে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ইমেশা দুলানি, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ব্রাজিলের লরা কার্ডোসা। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন দুলানি। ওয়ানডেতে ১১৬ রান এবং টি-টোয়েন্টিতে আরও ৮২ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন তিনি। অন্যদিকে ব্রাজিলের লরা কার্ডোসা সম্প্রতি এক টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট নিয়ে ইতিহাস গড়ে আলোচনায় এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *