
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাত আড়াইটার দিকে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. কাউছার মিয়া (৩২), বেরিরচক গ্রামের মৃত নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মো. সালাউদ্দিন (২৯) ও কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের আসুক আলীর ছেলে রেজাউল ইসলাম মামুন (২৮)।
এসময় গ্রেপ্তারকূতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (করোলা, রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-গ-১৩-৪৫৯৮), একটি হলুদ রঙের প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, একটি স্টিলের তৈরি সুইস গিয়ার ছুরি, একটি লোহার তৈরি রামদা এবং একটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকূত মো.কাউছার মিয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি এবং মোঃ সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, পৃথক আরেকটি অভিযানে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি চৌকস দল মৌলভীবাজার হাসপাতাল রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ১৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।