👁 145 Views

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল।

বুধবার (১০ জুন) দুপুরে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর রেললাইন পরিষ্কার করে পুনরায় ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। এর ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় এ রুটের রেল যোগাযোগ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এরপর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচল শুরু করা হয়।

এর আগে সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের কয়েকটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পরও ট্রেনটি কিছু দূর এগিয়ে যাওয়ায় রেললাইনের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কেওয়াটখালী লোকোশেড থেকে বিশেষ উদ্ধারকারী ট্রেন এনে লাইনচ্যুত বগি সরানো হয় এবং ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, উদ্ধার কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে ঢাকা-জামালপুর রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *